ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : জাল লটারিতে চেয়ে গিয়েছিল গোটা রায়গঞ্জ। সেই জাল লটারি তৈরি ও বিক্রির এক বিশাল চক্রের পর্দাফাঁস করল জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনায় নাম জড়িয়েছে রায়গঞ্জ পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। ইতিমধ্যেই ওই কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অর্ণব ওরফে বান্টি মন্ডল। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম কার্তিক রজক (৩৭) এবং তন্ময় দাস। ধৃত কার্তিকের বাড়ি রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় এবং তন্ময়ের বাড়ি কলেজপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেখান থেকেই হাতেনাতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ২৯৭/৩১৮(২)/৩১৮(৪)/৩৩৬(৩) ৩৪০(২)/ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের মদতে দীর্ঘ আট বছর যাবৎ জাল লটারি তৈরি করে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই ঘটনায় জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে বুধবার গভীর রাতে এই দুজনকে গ্রেপ্তার করে। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, “জাল লটারি তৈরি ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তদন্তে নেমে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে।”
