ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : প্রায় ৭ দিন ধরে নিখোঁজ চা বিক্রেতা, পথ চেয়ে বসে মা। চোখের জলে ভাসছে গোটা পরিবার।শুধু পরিবার নয়, রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় যেন নেমে এসেছে গভীর দুঃখের ছায়া। এক সপ্তাহ কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ নারায়ণ সাহার। আর সেই থেকেই বাড়ির দরজার সামনে রাস্তার দিকে একনাগাড়ে তাকিয়ে রয়েছেন তাঁর বৃদ্ধা মা। কখন ছেলে ফিরে আসবে, সেই আশাতেই প্রহর গুনছেন তিনি। পরিবার সূত্রের খবর, বছর পঞ্চাশের নারায়ণ সাহা পেশায় ছিলেন চা বিক্রেতা। বিশেষভাবে সক্ষম এই মানুষটি কথা বলতে ও শুনতে পারতেন না। এলাকার সকলের কাছেই তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। কারও সঙ্গে কোনও শত্রুতা বা বিবাদ ছিল না বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রায় সাতদিন আগে শক্তিনগর এলাকার স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত একটি মেলায় গিয়েছিলেন নারায়ণ সাহা। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। নিখোঁজ হওয়ার দিন তাঁর পরনে ছিল হালকা ঘিয়া রঙের শার্ট ও কালো প্যান্ট। পরিবারের তরফে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে দ্রুত তাঁকে খুঁজে বের করার। নিখোঁজের ঘটনায় ভেঙে পড়েছেন ভাই চম্পক সাহা। চোখের জল মুছতে মুছতে তিনি জানান, দাদা কোথায় চলে গেল তারা কিছুই জানি না। দাদা খুব ভালো মানুষ ছিল। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না।
এলাকাবাসীরাও উদ্বিগ্ন। সকলের একটাই প্রার্থনা, সুস্থভাবে যেন দ্রুত বাড়ি ফিরে আসেন নারায়ণ সাহা। প্রশাসনও ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। সত্যিই, সন্তানের হারিয়ে যাওয়ার যন্ত্রণা যে কতটা অসহনীয়, তা হয়তো একজন মা ছাড়া আর কেউ অনুভব করতে পারেন না। এর জন্য বলে, মায়ের চোখের মনি তার সন্তান।