র‍্যাশনের ওজনে কারচুপি! ডিলারকে ঘিরে ধুন্ধুমার

0
Ration weight tampering! Controversy surrounds dealer



ওয়েব ডেস্ক, মালদা : সরকার বদলেছে, তাই এবার সরকারি সব দপ্তরে স্বচ্ছতা আনার দাবি সাধারণ মানুষের। এবার অস্বচ্ছতার অভিযোগ উঠে এল মালদা থেকে। সরকারি পরিমাপের যন্ত্রে ওজন ঠিক দেখালেও, বাইরের কাঁটায় মাপলেই উধাও চাল। র‍্যাশন বিতরণে এমনই চাঞ্চল্যকর কারচুপির অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচল। মাথাপিছু ২৬৬ গ্রাম চাল কম দেওয়ার অভিযোগে চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর কালিতলা এলাকায় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই র‍্যাশন ডিলার আলাউদ্দিন আহমেদ ওজনে কারচুপি করছেন। এদিন গ্রাহকরা হাতে-নাতে সেই গরমিল ধরে ফেলেন। তাঁদের দাবি, সরকারি ইলেকট্রনিক কাঁটায় যখন ওজন করা হচ্ছে, তখন ডিসপ্লে-তে নির্ধারিত পরিমাণ দেখাচ্ছে। কিন্তু সেই চাল বাড়ি নিয়ে গিয়ে বা বাইরের অন্য কোনও তুলাদণ্ডে মাপলে দেখা যাচ্ছে প্রতিজনে প্রায় ২৬৬ গ্রাম করে চাল কম রয়েছে। পাঁচ-ছয় জনের সদস্য বিশিষ্ট পরিবারগুলির ক্ষেত্রে চালের ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় দেড় কেজি পর্যন্ত।


বিক্ষোভকারী গ্রাহকেরা আক্ষেপের সুরে বলেন, “মাথাপিছু ২৬৬ গ্রাম করে চাল কম দেওয়া হচ্ছে। আমাদের দাবি, ওজনে এই কারচুপি বন্ধ হোক এবং পুরো র‍্যাশন দেওয়া হোক।” তাঁদের অভিযোগ, ডিলারের এই দুর্নীতির কারণে সাধারণ মানুষের পেটে টান পড়ছে।


আরও পড়ুন : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ডিলার আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, “আমি নিয়ম মেনেই র‍্যাশন দিচ্ছি। সরকারি কাঁটায় কোনও প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে, সেখানে আমার কোনও হাত নেই।” তবে আলাউদ্দিনের এই যুক্তি মানতে নারাজ উত্তেজিত জনতা।


আরও পড়ুন : দুই থাই নাগরিক সহ ৪ জন গ্রেপ্তার


ঘটনার খবর পৌঁছয় থানায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। চাঁচলের মহকুমা শাসক ঋত্বিক হাজরা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য মহকুমা খাদ্য সরবরাহ আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওজনে কোনও কারচুপি বা গরমিল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসকের এই আস্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করেন। তবে আগামীতে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন উত্তেজিত জনতা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন