নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা

0
Trinamool leader arrested from Nepal border


ওয়েব ডেস্ক, চোপড়া : বিজেপি সরকার গঠনের পর একের পর এক চমক। এবার উত্তর দিনাজপুরের চোপড়ার রাজনীতিতে বড়সড় চমক। নেপাল সীমান্ত থেকে সোমবার গ্রেপ্তার করা হল চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিককে। পুলিশের অনুমান, গ্রেপ্তারি থেকে বাঁচতে তিনি প্রতিবেশী দেশ নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু পরিকল্পনা শেষে বানচাল হল। পুলিশ সূত্রের খবর, চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য গোপাল ভৌমিককে গত কয়েকদিন ধরেই খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত মোবাইলের লোকেশন ট্র্যাক করে সোমবার নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে তাঁকে চোপড়া থানায় নিয়ে আসা হয়।


পুলিশ সূত্রের আরও খবর, গোপাল ভৌমিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০০৭ সালের একটি মারপিটের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং গত ১৭ এপ্রিল ওই এলাকায় বিজেপি প্রার্থী শংকর অধিকারীর গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনাতেও তাঁর নাম জড়িয়ে পরে। আশ্চর্যের বিষয় হল, একদিন আগেই নিজের ভাইয়ের গ্রেপ্তারি নিয়ে চোপড়া থানার আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী শংকর অধিকারীর বিরুদ্ধে। কিন্তু তৃণমূল নেতার গ্রেপ্তারির পর তার সুরে ভিন্ন ছন্দ দেখা গেল। এদিন তিনি চোপড়া থানার আইসি এবং ইসলামপুর পুলিশ জেলার এসপি-কে ধন্যবাদ জানিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন