ওয়েব ডেস্ক, চোপড়া : পূর্বে অভিযোগ উঠেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ছেয়ে গিয়েছিল জাল লটারিতে। যদিও পুলিশের তৎপরতায় সেই জাল লটারির ব্যবসা বন্ধ হয়। কিন্তু এবার উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলে জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল চার লটারি বিক্রেতা। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় জাল লটারির রমরমা ব্যবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই এলাকায় অভিযান চালায় চোপড়া থানার পুলিশ। লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল লটারি টিকিট।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে মোটা টাকার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। যার কারণেই এলাকায় অনেকেই নিঃস্ব হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।