ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : জেলার আঞ্চলিক ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি সকলের কাছে তুলে ধরতে এবং অতীত ঐতিহ্যের সাতকাহন পৌঁছে দিতে বিগত পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে ‘হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর’। সংস্থার এই উদ্যোগ শিক্ষামহলে বহু প্রশংসিত। শিক্ষার্থীদের মধ্যে ক্ষেত্র সমীক্ষার গুরুত্ব ও গবেষণাধর্মী কাজের মাধ্যমগুলি তুলে ধরতে তাদের কর্মসূচি জনসাধারণের জ্ঞানের ভান্ডারকে পরিতৃপ্ত করেছে বলে মত শিক্ষাবিদদের। তারই ধারাবাহিকতায় শুক্রবার উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের কর্নজোড়ার বোগ্রামে অবস্থিত রেইনবো মর্ডান স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জেলার ইতিহাস ও অতীত ঐতিহ্য বিষয়ক আলোচনা শিবিরের আয়োজন করে ‘হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর’। পাশাপাশি জেলা বিষয়ক ফ্লোর ক্যুইজ প্রতিযোগিতাও হয়।
অনুষ্ঠানে আঞ্চলিক ইতিহাসবিদ সোমনাথ সিং উপস্থিত সকলকে জেলার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়াও শিক্ষক শুভ্র বিশ্বাস উক্ত বিষয়ে আলোকপাত করেন।
নিজ জেলাকে জানতে ও চিনতে এই অভিনব উদ্যোগ উপস্থিত শিক্ষার্থী সহ সকল শিক্ষক-শিক্ষিকাদের নজর কেড়েছে। নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চার বিভিন্ন আঙ্গিক তুলে ধরাই ছিল এই সংস্থার মূল লক্ষ্য।