ওয়েব ডেস্ক, কালিয়াগঞ্জ : মুখ্যমন্ত্রীর নামে কুমন্তব্য করায় গ্রেপ্তার কালিয়াগঞ্জের এক যুবক। জানা গেছে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় কদর্য ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সোহেল রানা (২৫)। সে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বালাহার গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রায়গঞ্জ আদালতের বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি সোহেল রানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর, অশ্লীল ও উস্কানিমূলক পোস্ট করেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাতে কালিয়াগঞ্জ থানায় অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা প্রদীপ সরকার। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৯৬, ২৯৯, ৩৫২ ও ৩৫৩ ধারা অর্থাৎ উস্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন : গন্ডার জামাই বিদায়ে চোখে জল গ্রামবাসীর
তবে এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও বড়সড় অস্থিরতা তৈরির ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
