ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : সরকার বদল হয়েছে। তবে ভয় সাধারণের মধ্যে এখনও রয়েছে। এমনি ঘটনা সামনে এলো উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে। অভিযোগ, ২০১৪ সাল থেকে পুরসভার স্থানীয় কো-অর্ডিনেটর অভিজিৎ ওরফে বাপি সাহা এবং বৈদ্য মল্লিক জাল দলিল বানিয়ে দেবীনগরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি জবর দখল করেন। পরবর্তীতে সেখানে গড়ে ওঠে তৃণমূলের পার্টি অফিস।
বাড়ির মালকিন অপর্ণা চন্দ জানিয়েছেন, ২০১৪ সালে তার স্বামী মারা যান। মারা যাওয়ার পর স্থানীয় স্থানীয় কো-অর্ডিনেটর অভিজিৎ ওরফে বাপি সাহা এবং বৈদ্য মল্লিক তাকে দলিল দেখাতে বলেন। সেই দলিল থেকে একটি জাল দলিল তৈরী করেন বৈদ্য মল্লিক। আর সেই ঘরটিকে নিজের ঘর বলে দাবি করেন। প্রতিবাদ করায় অপর্ণাদেবীর ছেলেকেও মারধর করা হয়েছিল বলে অভিযোগ।
অন্যদিকে, বৈদ্য মল্লিক অপর্ণাদেবীর অভিযোগ অস্বীকার এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন। বৈদ্য মল্লিকের পাল্টা অভিযোগ, "এই বাড়ির আসল মালিক আমার বাবা। অপর্ণাদেবী মিথ্যা অভিযোগ করছেন। পৈতৃক সম্পত্তি বলেই আমি সেখানে পুরসভার কিছু জিনিস রেখেছিলাম এবং সেখানে একটি পার্টি অফিসেও রয়েছে।"
জানা গেছে, এই বাড়ি নিয়ে এখনো মামলা চলছে আদালতে। তবে বুধবার অপর্ণাদেবী সেই ঘরে তালা খুলে ঢোকেন। ঢুকেই দেখতে পান পুরসভার কিছু জিনিস রাখা আছে সেখানে। তবে তিনি এখনো আতঙ্কে রয়েছেন বলেই অপর্ণাদেবীর দাবি।
প্রসঙ্গত, সরকারের পালাবদলের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে। তেমনই রায়গঞ্জের দেবীনগরের সেই তৃণমূলের পার্টি অফিসটি দখল করতে গিয়েছিলো বিজেপির কয়েকজন কর্মী সমর্থকেরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেখানে তৃণমূলের পার্টি অফিস দখল হয়নি। বরং সেই ঘর এখন কোনও দলেরই পার্টি অফিস নয়।
