ওয়েব ডেস্ক, উত্তর দিনাজপুর : বর্তমান যুগে ইউটিউব হল যুব সমাজের একধরণের প্লেসমেন্ট। আর এই প্লেসমেন্ট থেকে অনেকেই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন। আর এই ইউটিউবে নাচ, গান, সিনেমা কিংবা নানা মজার ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে। তবে সেই ইউটিউব ভিডিও দেখে কাজ শিখে আয়ের দিশা খুঁজে নিয়েছেন উত্তর দিনাজপুরের এক যুবক। পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে ইউটিউব দেখে নানা মডার্ন ফার্নিচার তৈরি করে আয় শুরু করেন তিনি। উত্তর দিনাজপুরের বাসিন্দা মহম্মদ হাবিব একসময় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তবে ইউটিউব তাঁর জীবন বদলে দেয়। সেখানে ভিডিও দেখে মডার্ন ফার্নিচার বানিয়ে উপার্জন শুরু করেন তিনি।
জানা যায়, সরকারের মুদ্রা প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন হাবিব। মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছিলেন তিনি। এরপর আস্তে আস্তে তাঁর তৈরি মডার্ন আলমারি, শোকেস, সোফা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। বিক্রি বাড়তেই পাল্লা দিয়ে বাড়তে থাকে আয়ের পরিমাণ।
উত্তর দিনাজপুরের এই যুবকের সাফল্য যেন প্রমাণ করে দেয়, ইউটিউব শুধুমাত্র বিনোদনের উৎস নয়। এর মাধ্যমে অনেক কিছু শেখাও সম্ভব। মহম্মদ হাবিব যেমন ইউটিউব ভিডিও দেখে কাঠের ফার্নিচার তৈরি শুরু করে মোটা টাকা আয় শুরু করেন। তাঁর এই সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যান্যরাও চাইলে এই পথে হাঁটতে পারেন।
